সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইসে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর (Aramco) একটি স্থাপনায় ইয়েমেনের হুতিদের হামলায় এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম মো. সজিব হোসেন, বাড়ি কুমিল্লায়। রোববার (৪ অক্টোবর) হুতিদের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যুর খবর নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানানো হয়। নিহতের পরিবারের প্রতিও সমবেদনা জানায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সজিবের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে ফেরাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে দূতাবাস।
যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। অনেক বছর ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কাজ করতেন। তবে যুগান্তর ঘটনাস্থল হিসেবে জুবাইল শহরের কথা উল্লেখ করেছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উল্লেখ করা আল খুরাইসের সঙ্গে মেলে না।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক আহমেদ যুগান্তরকে জানান, প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পরিবারটির সঙ্গে যোগাযোগ রাখছে। সংসদ সদস্য জসিম উদ্দিন বলেছেন, মরদেহ দেশে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে দ্য ট্রিবিউন জানিয়েছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রিয়াদ ও খুরাইসে আরামকোর স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছেন। ইয়েমেনে সৌদি হামলার জবাবে এই অভিযান বলে দাবি গোষ্ঠীটির।














মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই লিখুন।