কুয়ালালামপুরের চৌ কিট মার্কেটে অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ বিদেশি আটক
শনিবার (৩১ অক্টোবর) কুয়ালালামপুরের চৌ কিট মার্কেটে অভিযানে ৫১২ জনের কাগজপত্র পরীক্ষা করে ১৮১ জন বিদেশিকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৪৭ জন ইন্দোনেশীয় ও ২০ জন বাংলাদেশি। বাকিরা নেপাল, ভারত, পাকিস্তানসহ অন্য দেশের নাগরিক। ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষের পরও অবস্থান এবং পাসের অপব্যবহারের অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। আটকদের বুকিত জলিল অভিবাসন ডিপোতে নেওয়া হয়েছে।#Malaysia #KualaLumpur #ImmigrationRaid #Bangladeshi #MeehaNews

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে জালান রাজা বট বা রাজা বট বাজার এলাকায় অভিযান শুরু হয়।
অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশনস) লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে ৫১২ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮১ জনকে আটক করা হয় বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং পাসের অপব্যবহারের অভিযোগে। আটকদের মধ্যে ১৪৭ জন ইন্দোনেশিয়ার, ২০ জন বাংলাদেশের, ৫ জন নেপালের, ৩ জন ভারতের, ১ জন পাকিস্তানের এবং আরও ৫ জন অন্য দেশের নাগরিক। তাঁদের বয়স ১০ থেকে ৫৫ বছরের মধ্যে। সবাইকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বুকিত জলিল অভিবাসন ডিপোতে নেওয়া হয়েছে।
অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হল, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, জাতীয় নিবন্ধন বিভাগ, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ ও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ অংশ নেয়। সব মিলিয়ে ২৬৪ জন কর্মকর্তা ও কর্মী ছিলেন।
লোকমান এফেন্দি জানান, অবৈধ অভিবাসীদের সম্ভাব্য আনাগোনার ২২৪টি এলাকা সারা দেশে নজরদারিতে রয়েছে, রাজা বট বাজার তার একটি। এ বছর এই এলাকায় এটি দ্বিতীয় অভিযান। তিনি নিয়োগকর্তাদের সতর্ক করে বলেন, অভিবাসন আইন লঙ্ঘন করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৈধভাবে বসবাসকারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও জানান তিনি।
চীনা ভাষার সংবাদমাধ্যম লুমিনিউজের তথ্যমতে, আটকদের মধ্যে ১৩৬ জন পুরুষ ও ৪৫ জন নারী। অভিযানের সময় কেউ কেউ ছাদে লুকিয়েছিলেন, ড্রোনের সাহায্যে তাঁদের খুঁজে বের করা হয় বলে ওই প্রতিবেদনে লোকমান এফেন্দির বরাতে উল্লেখ করা হয়েছে।





