মালয়েশিয়ায় ১০ মাসে ৭০ হাজার অভিবাসী আটক, খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৭৫৫টি অভিযানে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ১৩ নভেম্বর সেলাঙ্গরে তিনটি অভিযানে বাংলাদেশিসহ ৩৪ বিদেশি আটক হন; একজনকে খাটের নিচ থেকে বের করা হয়। স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি পিআরএম ২.০-এর মেয়াদ ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।#Malaysia #IllegalMigrants #Immigration #Bangladeshi #MeehaNews

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের প্রথম ১০ মাসে প্রায় ৭০ হাজার বিদেশিকে আটক করা হয়েছে। সম্প্রতি সেলাঙ্গর রাজ্যের এক অভিযানে খাটের নিচে লুকিয়ে থাকা এক ব্যক্তিকেও খুঁজে বের করে আটক করেন কর্মকর্তারা।
মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিবাসনবিরোধী অভিযান হয়েছে। এসব অভিযানে আটক হয়েছেন ৬৯ হাজার ৭৬০ জন। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গত ১২ নভেম্বর দেশটির সংসদে উপস্থাপিত পরিসংখ্যানে সংখ্যাটি কিছুটা বেশি। ওই হিসাবে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৮০৮টি অভিযানে আটক হয়েছেন ৭০ হাজার ১৯৫ জন। অর্থাৎ গড়ে প্রতিদিন ৩৮টির বেশি অভিযান চলেছে, আটক হয়েছেন ২২৮ জনেরও বেশি।
সর্বশেষ গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গরের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় ‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামে তিনটি অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ। এতে ১৮ কর্মকর্তা অংশ নেন। ৩৮ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ নাগরিককে আটক করা হয়।
বিভাগের সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি কর্মকর্তাদের চোখ এড়াতে বিভিন্ন জায়গায় লুকিয়েছেন। একজন ছিলেন খাটের নিচে; তাঁকে সেখান থেকেই বের করে আনা হয়।
আমপাংয়ে খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। এঁদের আটজন মিয়ানমারের, একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। হুলু লাঙ্গাতের অভিযানে ধরা পড়েন পোল্যান্ডের একজন। বৈধ অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে একজন সাক্ষীকে সমন পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধিতে তদন্ত চলছে।
কামপুং বারু সুবাংয়ের যৌথ অভিযানে সেলাঙ্গর ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ ও শাহ আলম সিটি কাউন্সিলের কর্মকর্তারাও ছিলেন। অনুমোদন ছাড়া জুমার নামাজ আয়োজনের অভিযোগে একটি সুরাউ পরিদর্শন করা হয়। ধর্মবিষয়ক বিভাগ নিজেদের এখতিয়ারের বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ওই স্থানে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা পায়নি অভিবাসন বিভাগ।
নিয়োগকর্তাদের প্রতিটি বিদেশি কর্মীর বৈধ পাসপোর্ট, ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র নিশ্চিত করতে বলেছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। নিয়মিত অভিযান চলবে বলেও জানিয়েছে তারা।
অন্যদিকে স্বেচ্ছায় ফেরার সুযোগও রাখা হয়েছে। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম, পিআরএম ২.০) ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আওতায় বৈধ পাস ছাড়া বা মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা বিদেশিরা শর্ত পূরণ সাপেক্ষে দেশে ফিরতে পারবেন। অপরাধের ধরনভেদে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা ও বিশেষ পাসের জন্য ২০ রিঙ্গিত ফি দিতে হবে। ভ্রমণ নথি ও ফেরার টিকিটও জমা দিতে হয়। ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২ দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন।





