গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, দগ্ধ চারজন; একজনের অবস্থা আশঙ্কাজনক
গাজীপুরের নাওজোড়ে রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ আহাদের (১৯) শরীরের ৫৫ শতাংশ পুড়েছে; তাঁর অবস্থা আশঙ্কাজনক। সেন্টারের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে; ফায়ার সার্ভিস প্রায় ৪৬ মিনিটে আগুন নেভায়। প্রাথমিকভাবে গ্যাস লিকেজকে কারণ ধারণা করা হচ্ছে।#Gazipur #CylinderFire #FireService #MeehaNews

গাজীপুরের নাওজোড় এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ ব্যক্তিরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, দগ্ধদের মধ্যে আবদুল্লাহর (১৮) শরীরের ২০ শতাংশ, আহাদের (১৯) ৫৫ শতাংশ, আশরাফুলের (২৬) ১৫ শতাংশ এবং নাঈমের (২৫) ৪ শতাংশ পুড়েছে। আবদুল্লাহ ও আহাদ হাসপাতালের উচ্চমাত্রার পর্যবেক্ষণ ও চিকিৎসার ইউনিটে (এইচডিইউ) আছেন। নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন। শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় আহাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সেন্টারটির ৪১টি সিলিন্ডারে আগুন ধরে যায়। খবর পেয়ে দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।





