মোংলায় শিশু ধর্ষণের অভিযোগে বন্দর কর্তৃপক্ষের কর্মচারী গ্রেপ্তার
পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি, মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ইয়ার মোহাম্মদ সমিরকে (৪০) সিলেটের দক্ষিণ সুরমা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। ২৫ অক্টোবর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ৩০ অক্টোবর রাতে শিশুটির বাবা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামি পালিয়ে যান। শনিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ওসি বলেছেন, আসামির বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে।#Mongla #Bagerhat #SRB #Crime #MeehaNews

বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি ইয়ার মোহাম্মদ সমিরকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী। হবিগঞ্জ জেলার বাসিন্দা সমিরকে বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।
আজ শনিবার দুপুরে মোংলা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান।
ওসির ভাষ্য অনুযায়ী, অভিযোগ আছে, গত ২৫ অক্টোবর বিকেলে সমির শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটির অবস্থার অবনতি হলে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
চিকিৎসা শেষে ৩০ অক্টোবর রাতে শিশুটির বাবা মোংলা থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওসি জানান, মামলার পরই আসামি পালিয়ে যান। এরপর থেকেই তাঁকে গ্রেপ্তারের অভিযান চলছিল।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সমির বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে তাঁর বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার সমিরকে কারাগারে পাঠানো হয়েছে।





