দুঃখের রাজ্যের আজ আমি
সালমান আহমেদ - ধ্রুব নীল
ছেলেবেলা আমি একবার রাজা হতে চেয়েছিলাম।
ঘোড়াশালে ঘোড়া আর হাতিশালে হাতি,
রাজ্য ভরা সম্প্রদায়, আরও কত কী!
প্রহরী, মন্ত্রীও থাকবে, আর উজির, সিপাহি…
বিধাতা আমাকে রাজা করলেন, রাজ্য দিলেন।
আমি তো মহা খুশি।
তবে তিনি আমাকে রাজা করলেন দুঃখের রাজ্যের রাজা।
একটা দেশের ভালো-মন্দ দেখার দায়িত্ব রাজার উপর বর্তায়…
তাই আমি চাই, আমার রাজ্যে কোনো নতুন বাসিন্দা না আসুক…
কেউ না থাকুক।
জানেন, আমি কিন্তু মহালোভী।
আমি চাই আমার রাজ্যের সকল সম্পদটুকু আমি একাই ভোগ করব।
কাউকে সিকি-আধুলিটুকু স্পর্শ করতে দেব না।
আর বিধাতার দেওয়া সে রাজ্যকে প্রত্যাখ্যান করার অধিকার কি আমি রাখি না?
নাকি রাজ্য ছেড়ে যাওয়ার স্পর্ধা আমি দেখাতে পারি?
এখন এ রাজ্যের বাসিন্দা শুধু একজন,
সেই মহালোভী, যে রাজ্যের সকল সম্পদ একাই ভোগ করে।
এ রাজ্যে এখন যুদ্ধ করার সৈন্য নেই,
বিশ্বাসঘাতক মন্ত্রী নেই,
অনুপ্রেরণা জাগানো রানি নেই,
ঘোড়াশালের ঘোড়া আর হাতিশালের হাতি নেই।
তবে এই রাজ্যে প্রতিনিয়ত যুদ্ধ হয়,
আমার সাথে আমার যুদ্ধ, টিকে থাকার যুদ্ধ।
সেদিন যে রাজা হবার খুশিতে আমি আত্মহারা ছিলাম,
এই আত্মহারার মধ্যে কখন নিজেকে হারিয়ে ফেলব
বুঝতে পারিনি।

