মোদিকে নিয়ে খাড়গের মন্তব্যের প্রতিবাদে ভারতজুড়ে বিজেপির বিক্ষোভ
খাড়গের মন্তব্যের প্রতিবাদে সোমবার নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুসহ প্রধান শহরে বিক্ষোভ করেছে বিজেপি। দলটি খাড়গের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। মন্তব্যটি করা হয় রোববার পাটনায় শ্রীকৃষ্ণ সিংহের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে। কংগ্রেসের দাবি, এটি চলতি কথার প্রয়োগ, ব্যক্তিগত অপমান নয়।#BJP #Congress #Kharge #NarendraModi #MeehaNews

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (২৬ অক্টোবর) নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুর মতো প্রধান শহরে এই বিক্ষোভ হয়।
রোববার (২৫ অক্টোবর) পাটনায় বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন খাড়গে। শ্রোতাদের একজন বলেন, প্রধানমন্ত্রী কোথাও যাচ্ছেন না। জবাবে খাড়গে বলেন, ‘মোদির বাবাও চলে যাবেন’। দ্য ওয়ালের তথ্যমতে, তখন তিনি নির্বাচনি অনিয়মের অভিযোগে চলমান দেশব্যাপী প্রতিবাদের প্রসঙ্গে মোদিকে জেলে পাঠানোর কথা বলছিলেন।
বিজেপির অভিযোগ, এই মন্তব্যে প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে অপমান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সভাপতি নিতিন নবীন মন্তব্যটির তীব্র সমালোচনা করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী খাড়গে ও রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, বিজেপি নেতা কৃষ্ণ কুমার রোববার সন্ধ্যায় পাটনার কোতোয়ালি থানায় খাড়গের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
কংগ্রেস সভাপতির পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। দলটির দাবি, এটি চলতি কথার প্রয়োগ মাত্র; কাউকে ব্যক্তিগতভাবে অপমান করার উদ্দেশ্য ছিল না। সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদও খাড়গের বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন।





