বায়ুদূষণ রোধে বিশেষ বাহিনী মোতায়ন, পাকিস্তান
পাঞ্জাব সরকার এ বছর ৭৫০ সদস্যের একটি বাহিনী ও ৬৭টি দ্রুত-প্রতিক্রিয়া ইউনিট গঠন করেছে। আগুনের খবর পাওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পৌঁছানোই লক্ষ্য। সরকারের দাবি, ২৪ ঘণ্টায় ৬৭৯টি আগুনের খবরের মধ্যে ৬৫০টি নেভানো হয়েছে। নাড়া পোড়ালে একরপ্রতি ১৫ হাজার রুপি জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ১০ হাজারের বেশি ভর্তুকির ‘সুপার সিডার’ যন্ত্র বিতরণ হয়েছে। সরকারি তথ্যে ধোঁয়াশাজনিত হাসপাতালে ভর্তি কমেছে, তবে অনেক বাসিন্দা উন্নতি দেখছেন না।#Lahore #Smog #Pakistan #AirPollution #MeehaNews

লাহোরে আবারও ঘন ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে। কৃষকদের নাড়া পোড়ানো ঠেকাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তৃপক্ষ এবার ছোট একটি বিশেষ বাহিনী মাঠে নামিয়েছে। কর্মকর্তারা বলছেন, দূষণ মোকাবিলায় পাকিস্তানে এ ধরনের বাহিনী এই প্রথম। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য এসেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের উপকণ্ঠের একটি ধানক্ষেতে নতুন দ্রুত-প্রতিক্রিয়া ইউনিটের সদস্যরা গাড়ি থেকে নেমে আগুন নিয়ন্ত্রণে আনেন। চলতি সপ্তাহের শুরুতে সুইস সংস্থা আইকিউএয়ার লাহোরের বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছিল। অক্টোবরে ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় ও নাড়া পোড়ানো এ অঞ্চলের কৃষকদের পুরোনো অভ্যাস। কারখানার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া ও নির্মাণকাজের ধুলার সঙ্গে মিশে তা বিষাক্ত স্তর তৈরি করে।
পাঞ্জাবের পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান সিলওয়াত সাঈদ জানান, এ বছর ধান উৎপাদনকারী গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ৬৭টি দ্রুত-প্রতিক্রিয়া ইউনিটে ৭৫০ সদস্যের একটি বাহিনী গঠন করা হয়েছে। আগুনের খবর পাওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পৌঁছানোর লক্ষ্য। চলতি সপ্তাহে ২৪ ঘণ্টায় পাঞ্জাবজুড়ে ক্ষেতে আগুনের ৬৭৯টি খবর এসেছে। বিভাগের দাবি, এর ৬৫০টি নেভানো হয়েছে। বাহিনীর উপপরিচালক আশফাক হোসেন বলেন, বিভিন্ন মাধ্যমে অভিযোগ পেয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হয়।
নাড়া পোড়াতে গিয়ে ধরা পড়লে কৃষকদের জরিমানা, গ্রেপ্তার বা দুটোই হতে পারে। পাঞ্জাবের কৃষি বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ ফারুক জানান, একরপ্রতি জরিমানা ১৫ হাজার পাকিস্তানি রুপি (প্রায় ৫৪ ডলার)। জরিমানা না দিলে মামলা ও সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে। বিকল্প হিসেবে সরকার এ পর্যন্ত ১০ হাজারের বেশি ভর্তুকির ‘সুপার সিডার’ যন্ত্র বিতরণ করেছে। দামের ৬০ শতাংশ সরকার দিচ্ছে, বাকি ৪০ শতাংশ কৃষকের। ৫০ একর জমির কৃষক মুহাম্মদ ইসমাইল জানান, যন্ত্র ব্যবহারের পর তাঁর প্রতি একরে গমের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে অন্য কৃষক সেলিম আব্বাস বলেন, পরের ফসলের জন্য জমি দ্রুত পরিষ্কারের সবচেয়ে সস্তা উপায় বলে অনেকে এখনো নাড়া পোড়ান।
রয়টার্স জানিয়েছে, উপগ্রহের তথ্যে বছরের এ সময়ের ঐতিহাসিক গড়ের তুলনায় ভারত ও পাকিস্তানে পোড়ানো জমির পরিমাণ কম। তবে পাকিস্তানের অনেক বাসিন্দা বলছেন, উন্নতি তাঁদের চোখে পড়ছে না। পাঞ্জাবের পরিবেশ সুরক্ষা বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ নিয়্যার জানান, স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত মাসে ধোঁয়াশাজনিত গলার সমস্যায় হাসপাতালে ভর্তির সংখ্যা ২০২৫ সালের অক্টোবরের মাত্র ৬৯ শতাংশ। তবু লাহোরের হাসপাতালে রোগীদের ভিড়। সার গঙ্গা রাম হাসপাতালের হৃদ্রোগী আহমেদ আবুবকর ধোঁয়াশায় শ্বাসকষ্ট ও চোখের সংক্রমণের কথা বলেন। রোগী মোহাম্মদ নিয়াজ বাট ক্ষোভ জানান, নাড়া পোড়ানো চলছে অথচ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও ভারত পরস্পরকে বায়ুদূষণের জন্য দায়ী করে আসছে। সাঈদ বলেন, সমস্যাটি দুই দেশের জন্যই বড়, এবং আন্তর্জাতিক ফোরামে ভারতের কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান বিষয়টি তুলেছে। মন্তব্যের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।





