ফতুল্লায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লার উত্তর মাসদাইরের গাবতলী রোডে বিএনপির একটি টিনের অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া হয়। দুটি মোটরসাইকেলে চারজন এসেছিলেন; হেলমেট পরা একজন ভেতরে ঢুকে প্লাস্টিকের চেয়ারে আগুন ধরান। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসাইন জানিয়েছেন, জড়িতদের শনাক্তে পুলিশ দুটি দল গঠন করেছে। পুলিশের ভাষ্য, স্থানটি আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়; স্থানীয় বিএনপি নেতারা সেখানে বসে আলোচনা করতেন।#Narayanganj #Fatullah #BNP #MeehaNews

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে মধ্যরাতে হেলমেট পরা এক ব্যক্তি আগুন ধরিয়ে দিয়েছেন। জড়িতদের শনাক্ত করতে পুলিশ দুটি দল গঠন করে তদন্ত শুরু করেছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে ঘটনাটি ঘটে। আমানা গার্মেন্টস–সংলগ্ন ওই সড়কে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের একটি টিনের অস্থায়ী কার্যালয় আছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুটি মোটরসাইকেলে চারজন সেখানে আসেন। একটি মোটরসাইকেলের দুই আরোহী কার্যালয়ের সামনে পাহারায় থাকেন। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরা একজন ভেতরে ঢুকে প্লাস্টিকের চেয়ারে আগুন লাগান। এরপর দৌড়ে মূল সড়কের দিকে চলে যান। বাকিরাও মোটরসাইকেলে ঘটনাস্থল ছাড়েন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, আগুন দেওয়া স্থানটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কিছু নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, দুটি আলাদা দল বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।





