প্রতিদ্বন্দ্বি ছাড়া আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড ও কমিটির সভায় জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া তাঁর প্রথম মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ডিসেম্বরে। দ্বিতীয় মেয়াদ চলবে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত। আইসিসির সংবিধান অনুযায়ী চেয়ারম্যান সর্বোচ্চ দুই মেয়াদে (প্রতি মেয়াদ তিন বছর) দায়িত্ব পালন করতে পারেন। আইসিসির বিবৃতিতে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করা হয়েছে।#JayShah #ICC #Cricket #ICCChairman #MeehaNews

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড ও কমিটির সভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। আইসিসির পরিচালকেরা তাঁর নাম প্রস্তাব করেন। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের তথ্যমতে, বোর্ড সর্বসম্মতিক্রমে তাঁকে সমর্থন দিয়েছে।
জয় শাহ ২০২৪ সালের ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। আইসিসি চেয়ারম্যান হওয়ার আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব ছিলেন। তাঁর প্রথম তিন বছরের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ডিসেম্বরে। এরপর শুরু হওয়া দ্বিতীয় মেয়াদ চলবে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত। আইসিসির সংবিধান অনুযায়ী একজন চেয়ারম্যান সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন, প্রতিটি মেয়াদ তিন বছরের। ফলে এটিই তাঁর শেষ মেয়াদ।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তে জয় শাহর নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থা প্রকাশ পেয়েছে। ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সময়ে সংগঠনের ধারাবাহিকতাও এতে নিশ্চিত হবে। বিবৃতিতে খেলার বিস্তার, সমর্থকগোষ্ঠী বাড়ানো ও বাণিজ্যিক উন্নয়নকে আইসিসির কৌশলগত পরিকল্পনার অংশ বলা হয়েছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের ফেরা এবং আইসিসি প্রতিযোগিতার দীর্ঘমেয়াদি সূচি সম্প্রসারণের কথাও এসেছে।
জয় শাহ বলেন, চেয়ারম্যানের দায়িত্ব একই সঙ্গে সম্মান ও দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর ভাষ্য, মানুষকে একত্র করার সামর্থ্যই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই অগ্রগতি নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন জয় শাহকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, খেলার ঐতিহ্যের সঙ্গে উদ্ভাবন, নতুন দর্শক ও বদলে যাওয়া বাণিজ্যিক বাস্তবতার ভারসাম্য রাখা আগামী বছরগুলোতে গুরুত্বপূর্ণ হবে।





