শিবচরে নারীকে অপহরণ করে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিবচরের উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় হাসিনা বেগম (৬২) নামে এক নারীকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে তোলা ১৬ লাখ টাকা তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। দুর্বৃত্তরা তাঁকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রেলস্টেশনের পাশে ফেলে রেখে যায়। রাতে শিবচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাসিনা বেগম। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।#Shibchar #Madaripur #CrimeNews #MeehaNews

মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে হাসিনা বেগম (৬২) নামে এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে দুর্বৃত্তরা তাঁকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি নির্জন স্থানে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে রেখে যায় বলে অভিযোগে বলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিবচরের উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া মুন্সিবাড়ি-সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। রাতে হাসিনা বেগম শিবচর থানায় লিখিত অভিযোগ দেন। তিনি বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের আবুল কালাম মাদবরের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, হাসিনা বেগম পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা তুলে মেয়েকে নিয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাতপরিচয় দুজন ভ্যানে ওঠেন। কুমেরপাড় স্ট্যান্ড এলাকায় মেয়ে নেমে যান। সাতভাগিয়ায় পৌঁছালে সাদা মাইক্রোবাসে থাকা চার-পাঁচজন তাঁকে ইয়াবা ব্যবসায়ী বলে জোর করে গাড়িতে তোলেন। এরপর চোখ বেঁধে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে ভাঙ্গা উপজেলার রেলস্টেশনের পাশে নির্জন জায়গায় তাঁকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
হাসিনা বেগম ঘটনায় জড়িতদের শনাক্ত করে লুণ্ঠিত টাকা উদ্ধার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





