রাজাপুরে ইয়াবা সেবনের অপরাধে চারজনের ৩ মাসের কারাদণ্ড
রাজাপুরের বড় কৈবর্তখালী এলাকার একটি ঘর থেকে ইয়াবা সেবনের সময় চারজনকে আটক করেন স্থানীয়রা। তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ইউএনও রিফাত আরা মৌরীর ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ হয়েছে।#Jhalakathi #Rajapur #Yaba #MobileCourt #MeehaNews

ঝালকাঠির রাজাপুরে ইয়াবা সেবনের সময় চারজনকে আটক করেছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা না দিলে আরও পাঁচ দিন কারাভোগ করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী এলাকার আবাসনে দেলোয়ার হোসেন দিলুর একটি ঘরে চারজন ইয়াবা সেবন করছিলেন। স্থানীয়রা তাঁদের হাতেনাতে আটক করে ইউএনওকে খবর দেন। আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে যান এবং আটক চারজনকে নিজ কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের দণ্ড দেওয়া হয়।
ইউএনও রিফাত আরা মৌরী বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’





