শাহবাগে সড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শাহবাগের আনাস হোটেল-সংলগ্ন সড়কে অচেতন অবস্থায় এক নারীকে পাওয়া যায়। আনুমানিক বয়স ৩০। পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত কারণ জানা যাবে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।#Shahbagh #Dhaka #DMCH #MeehaNews

রাজধানীর শাহবাগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশের সড়কে অচেতন অবস্থায় পাওয়া অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ থানা এলাকার আনাস হোটেল-সংলগ্ন সড়ক থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনমথ হালদার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর আসে, ঢামেকের জরুরি বিভাগের পাশে আনাস হোটেলের কাছে সড়কে এক নারী অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
এসআই মনমথ আরও জানান, স্থানীয়দের কাছ থেকে তাঁরা জেনেছেন, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং এলাকাতেই থাকতেন। পুলিশের ধারণা, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাঁর নাম-পরিচয় জানা যাবে বলে আশা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।





