মাদ্রাসার শৌচাগারে মিলল আট বছরের শিক্ষার্থীর মরদেহ, পরিচালক আটক
দিনাজপুরের বিরলে একটি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারের ভাষ্য, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।#Dinajpur #Birol #Madrasa #CrimeNews #MeehaNews

দিনাজপুরের বিরলে একটি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদরের ওই মাদ্রাসা থেকে সাফায়েতকে উদ্ধার করা হয়। বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাফায়েত ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। প্রায় আট মাস আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তার দাদা মাদ্রাসায় গিয়ে দেখা করে বাড়ি ফেরেন। রাতে মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে যান।
স্থানীয় সূত্রের বর্ণনা অনুযায়ী, রাতে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় পরিচালক মোকাররম হোসেনের। কয়েকবার কড়া নেড়েও সাড়া না পেয়ে তিনি দরজার ওপরের ফাঁক দিয়ে মুঠোফোনের আলো ফেলেন এবং ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে আরও দুজনকে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে বের করেন।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত করে কিছু বলার সময় এখনো আসেনি। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য পরিচালককে আটক করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।





