যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে অভিযান
যশোর শহরের লালদিঘির পাড় থেকে পাইপ পট্টি এলাকার হাজি সুমনের বাড়ির সামনে পর্যন্ত যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। স্থানীয় সূত্রের তথ্য, মিছিলটি ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক ছাত্রনেতা শেখ শহীদের নেতৃত্বে হয়েছে। এতে কয়েকজন নারী-পুরুষ অংশ নেন। কোতোয়ালি মডেল থানার ওসি আবুল কবির হোসেন বলেছেন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।#Jashore #JuboLeague #FlashProcession #Bangladesh #MeehaNews

যশোর শহরের লালদিঘির পাড় এলাকায় ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতাকর্মীরা। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন’কে স্বাগত জানাতে মিছিলটি করা হয়েছে বলে জানা গেছে।
মিছিলটি লালদিঘির পাড় থেকে শুরু হয়ে পাইপ পট্টি এলাকার হাজি সুমনের বাড়ির সামনে পর্যন্ত যায়। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আত্মগোপনে থাকা হাজি মো. আলমগীর কবির সুমনের নির্দেশে ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক ছাত্রনেতা শেখ শহীদের নেতৃত্বে মিছিলে বেশ কয়েকজন নারী-পুরুষ অংশ নেন। কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের এমন আকস্মিক কর্মসূচিতে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দেয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কবির হোসেন বলেন, তাঁরাও বিষয়টি জেনেছেন। নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কার্যক্রম ‘কোনোভাবেই বরদাস্ত করা হবে না’। ঝটিকা মিছিলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিভিন্ন স্থানে অভিযান চলছে।
হাজী সুমনের নামে যুবলীগের মিছিলের ঘটনা যশোরে এর আগেও ঘটেছে। গত জুনে শহরের ধর্মতলা এলাকায় তাঁর নামের ব্যানার নিয়ে যুবলীগের একটি মিছিলের পর পুলিশ সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করেছিল। এবারের মিছিলের ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।





