বায়েজিদে প্রাইভেটকারে এসে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২
১৮ অক্টোবর রাতে বায়েজিদ বোস্তামীর রৌফাবাদে বাগদাদ হোটেলের সামনে মারধর ও হত্যার হুমকি দিয়ে এক যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ ওঠে। শুক্রবার দিবাগত রাতে পাঁচলাইশের মমিনবাগ থেকে রবিউল হাসান ভুঁইয়া (২৫) ও আদনান উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেলটি উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত বলে উল্লিখিত সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আদালত দুজনকে কারাগারে পাঠিয়েছেন। মামলার এজাহারভুক্ত গাজী সারোয়ার শ্রাবণ ও অন্যদের গ্রেপ্তারের কথা প্রতিবেদনে নেই।#Chattogram #BayezidBostami #CrimeNews #MeehaNews

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন নারায়ণগঞ্জের সোনাডাঙ্গা থানার যাদীপুর ইউনিয়নের নন্দীপুর এলাকার রফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে রবিউল হাসান ভুঁইয়া (২৫) ও রাউজান থানার সুলতানপুর মাঝির ঘাটা এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে আদনান উদ্দিন (২৮)। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবনের নিচতলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ১৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জামাল উদ্দিন জিকুর (২৭) অভিযোগ, গাজী সারোয়ার শ্রাবণ নামের এক ব্যক্তি ফোন করে তাঁকে ওই হোটেলের সামনে ডেকে নেন। পরে সাদা রঙের একটি প্রাইভেটকারে শ্রাবণ ও তাঁর সঙ্গে থাকা আরও দুই-তিনজন সেখানে আসেন। তাঁরা জিকুর মোটরসাইকেল নিয়ে যেতে চাইলে তিনি বাধা দেন। তখন তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান তাঁরা।
ঘটনার তিন দিন পর ২১ অক্টোবর জিকুর অভিযোগের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়।
থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ভুক্তভোগীর সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের সাদা প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। ওসির ভাষ্য, মামলার ঘটনায় এই দুজনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।





