কালকিনিতে বিয়ের দাবিতে তরুণের বাড়িতে অবস্থান আরেক তরুণের
মাদারীপুরের কালকিনির দক্ষিণ আকাল বরিশ গ্রামে মঙ্গলবার সকালে নবদ্বীপ চন্দ্র দাশের (১৯) বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন মাহিন মুন্সি (১৯)। টিকটকে পরিচয়ের পর তাঁদের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। স্থানীয়দের তথ্যমতে, এর আগেও দুবার ওই বাড়িতে এসেছিলেন মাহিন। কালকিনির ইউএনও কিশোর কুমার দাস বলেছেন, ঘটনাটি আইনগতভাবে ঠিক নয়।#TikTok #Madaripur #Kalkini #MeehaNews

মাদারীপুরের কালকিনিতে বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। টিকটকে পরিচয়ের সূত্র ধরে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামে এ ঘটনা ঘটে।
অবস্থান নেওয়া তরুণের নাম মাহিন মুন্সি (১৯)। তিনি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে। তিনি অবস্থান নিয়েছেন একই বয়সী নবদ্বীপ চন্দ্র দাশের বাড়িতে। নবদ্বীপ ওই গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে।
জানা গেছে, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁদের মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। দুজনই এখন একসঙ্গে থাকতে ও বিয়ে করতে চান। তাঁরা বলেন, ‘আমরা দুজনকে ভালোবাসি। তাই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করে একসঙ্গে থাকব।’
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। দুই তরুণকে দেখতে নবদ্বীপের বাড়িতে প্রতিবেশীরা ভিড় করেন। স্থানীয়রা জানান, এর আগে দুবার ওই বাড়িতে এসেছিলেন মাহিন। এবার বিয়ের দাবিতে অবস্থান নেওয়ায় এলাকায় প্রতিক্রিয়া দেখা গেছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তাঁর ভাষ্য, ‘অতি উৎসাহী হয়ে দুই তরুণ এমন কাজ করেছে, যা আইনগতভাবে ঠিক নয়।’
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত বিষয়টির পরিণতি জানা যায়নি।





