সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক কর্মী
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীর বিরুদ্ধে।এ ঘটনায় অভিযুক্ত কর্মী মো. মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।ভুক্তভোগীর অভিযোগ, পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে তাঁকে প্যাথলজি বিভাগের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়।#Satkhira #HospitalNews #CrimeNews #MeehaNews

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মী মো. মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই নারী। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁকে আটক করা হয়। একই দিন বিকেলে ভুক্তভোগীকে চিকিৎসা পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক মাহমুদুল হাসান হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের (Outsourcing) মাধ্যমে কাজ করেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই নারী চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করাতে হাসপাতালে যান। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাঁকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগ থেকেও একই কথা জানানো হয়।
ওসির ভাষ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী ওই নারীকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। পরে তাঁকে প্রস্রাবের নমুনা আনতে বলেন। নমুনা নিয়ে গেলে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।
ওসি জানান, ওই নারী কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেন। পরে তাঁর চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনা কাউকে না জানানোর জন্যও তাঁকে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
পরে ওই নারী বাড়িতে গিয়ে স্বামীকে বিষয়টি জানান। তাঁর স্বামী খোঁজখবর নিয়ে তাঁকে থানায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেছেন।





