৫১ বছর পর ‘মা ও মেয়ের সঙ্গে প্রেমের গল্প’ নিয়ে মুখ খুললো অভিনেতা হফম্যান
৮৯ বছর বয়সী ডাস্টিন হফম্যানের প্রথম স্মৃতিকথা ‘লুক অ্যাট মি’ ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে। বইটি তিনি লিখেছেন ‘নিউ ইয়র্কার’-এর সাংবাদিক এরিয়েল লেভির সঙ্গে। ‘টুডে’ অনুষ্ঠানে হফম্যান বলেন, ১৯৬৭ সালের ‘দ্য গ্র্যাজুয়েট’-এর বেঞ্জামিন ব্র্যাডক চরিত্রে নিজেকে বেমানান মনে হয়েছিল। চরিত্রটি উপন্যাসে ছয় ফুট দুই ইঞ্চি, মেধাবী ও দৌড়বিদ হিসেবে বর্ণিত। হফম্যান নিজেকে তার সঙ্গে মেলাতে পারেননি। সিনেমাটি সাতটি অস্কার মনোনয়ন পায় এবং হফম্যান প্রথম অস্কার মনোনয়ন পান।#DustinHoffman #TheGraduate #LookAtMe #Hollywood #MeehaNews

হলিউডের অভিনেতা ডাস্টিন হফম্যান বলেছেন, ১৯৬৭ সালের সিনেমা ‘দ্য গ্র্যাজুয়েট’-এর বেঞ্জামিন ব্র্যাডক চরিত্রে তাঁকে ভুল অভিনেতা মনে হয়েছিল। নিজের প্রথম স্মৃতিকথা ‘লুক অ্যাট মি’ নিয়ে কথা বলতে গিয়ে ৮৯ বছর বয়সী এই অভিনেতা এ কথা জানান।
বইটি হফম্যান লিখেছেন ‘নিউ ইয়র্কার’-এর সাংবাদিক এরিয়েল লেভির সঙ্গে। ১০ নভেম্বর তা প্রকাশিত হয়। একই দিন এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে হফম্যান বলেন, লেখক চার্লস ওয়েবের উপন্যাসে বেঞ্জামিন ছিলেন ছয় ফুট দুই ইঞ্চি লম্বা, পড়াশোনায় ভালো ও দৌড়বিদ, যার সঙ্গে তাঁর মিল ছিল না। ‘কোনো এক অদ্ভুত কারণে’ পরিচালক মাইক নিকোলস তাঁকে নিয়েছিলেন, বলেন হফম্যান।
শুটিং শেষ হওয়ার পর কেউ নিকোলসকে বলেছিলেন, সিনেমাটি চমৎকার, তবে প্রধান চরিত্রে ভুল অভিনেতা নেওয়া হয়েছে। হফম্যানের ভাষ্য, এতে নিকোলস মন খারাপ করেছিলেন। ‘নিউ ইয়র্কার’-এ ৩১ অক্টোবর প্রকাশিত বইয়ের অংশে হফম্যান লিখেছেন, শুটিংয়ের সময় তাঁর মনে হতো নিকোলস তাঁর ওপর বিরক্ত। তিনি ভাবতেন, নিকোলস হয়তো বুঝতে পেরেছেন যে প্রধান চরিত্রে ভুল অভিনেতা নেওয়া হয়েছে। হফম্যান ওই শুটিংকে ‘ভয়াবহ অভিজ্ঞতা’ বলেছেন। সেই সময় হলিউড সুদর্শন নায়কের গতানুগতিক ধারণা থেকে সরে আসছিল। হফম্যানের ভাষ্যে, নির্মাতারা তখন ‘বাস্তব চেহারার, খুঁত থাকা মানুষ’ চাইছিলেন, যাতে দর্শক চরিত্রের সঙ্গে নিজেদের মেলাতে পারেন।
মুক্তির পর ‘দ্য গ্র্যাজুয়েট’ সাতটি অস্কার মনোনয়ন পায়। হফম্যান সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পান। নিকোলস সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন। পরে ‘ক্র্যামার ভার্সাস ক্র্যামার’ ও ‘রেইন ম্যান’-এর জন্য হফম্যান দুবার সেরা অভিনেতার অস্কার পান।
আলাপে হফম্যান নিউইয়র্কে অভিনয়জীবনের শুরুর দিনের কথাও বলেন। তখন তিনি জিন হ্যাকম্যান ও রবার্ট ডুভালের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকতেন। ডুভাল রাতের পালায় ডাকঘরে কাজ করতেন, হ্যাকম্যান আসবাব সরানোর কাজ করতেন। ‘আমরা কাজ পাব, এমনটা আশা করতাম না। বিখ্যাত হব, সেটাও ভাবিনি,’ বলেন তিনি। জীবনের সবচেয়ে গর্বের বিষয় কী, এমন প্রশ্নে তিনি পরিবার ও সন্তানদের কথা বলেন।





