আফগানিস্তানের সঙ্গে আর দ্বিপক্ষীয় ক্রিকেট নয়, ঘোষণা স্কটল্যান্ডের
তালেবান শাসনে নারীর প্রতি বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। আইসিসির টুর্নামেন্টে বাধ্যতামূলক হলে স্কটল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে খেলবে। তবে নারী ক্রিকেট ও মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত নিজেরা কোনো দ্বিপক্ষীয় ম্যাচ আয়োজন করবে না। এর আগে ইংল্যান্ড আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন থেকে বিরত থেকেছে, আর অস্ট্রেলিয়া ২০২৪ সালে একটি টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে।#Cricket #Scotland #Afghanistan #WomensRights #MeehaNews

তালেবান শাসনাধীন আফগানিস্তানে নারীর প্রতি বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড (Cricket Scotland)। সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নারী ক্রিকেট ও মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত নিজেদের উদ্যোগে আফগানিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় ম্যাচ আয়োজন করবে না স্কটল্যান্ড।
তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলা বাধ্যতামূলক হলে সেই ম্যাচ খেলবে তারা।
আফগানিস্তান নিয়ে এমন অবস্থান স্কটল্যান্ডের আগে আরও কয়েকটি দেশ নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করে না। নারীর অধিকার নিয়ে উদ্বেগের কারণে ২০২৪ সালে আফগানিস্তানের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড তখন বলেছিলেন, এককভাবে পদক্ষেপ নেওয়ার চেয়ে আইসিসির সমন্বিত উদ্যোগ অনেক বেশি কার্যকর হবে।
স্কটল্যান্ডের সিদ্ধান্তের বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





