নরসিংদীতে ফ্ল্যাটের গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ
দুর্গাপূজার ছুটি শেষে বাসায় ফিরে সুখন চৌধুরীর পরিবার দেখে, ফ্ল্যাটের জানালার গ্রিল কাটা আর আলমারি ভাঙা। সুখনের অভিযোগ, আলমারি থেকে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। তিনি জানান, ডাইং কারখানা কেনার জন্য গ্রামের জমি বিক্রি করে টাকাটা রেখেছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।#Narsingdi #Theft #Bangladesh #CrimeNews #MeehaNews

দুর্গাপূজার ছুটি কাটাতে গ্রামের বাড়ি গিয়েছিল সুখন চৌধুরীর পরিবার। ছয় দিন পর নরসিংদী শহরের ফ্ল্যাটে ফিরে তাঁরা দেখেন, জানালার গ্রিল কাটা, আলমারি ভাঙা। সুখনের অভিযোগ, আলমারি থেকে চুরি হয়ে গেছে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার।
ঘটনাটি নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার। এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দোতলার একটি ফ্ল্যাটে পাঁচ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন সুখন চৌধুরী (৫০)। তিনি সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে চাকরি করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।
গতকাল শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুখন।
সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, গত রোববার দুপুরে ফ্ল্যাটে তালা দিয়ে পূজা উপলক্ষে তাঁরা গ্রামের বাড়ি যান। গতকাল রাত আটটার দিকে ফিরে আসেন। কিন্তু চাবি থাকা সত্ত্বেও দরজা খুলছিল না। তালা কাটার পরও দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। পরে বাসার পেছনে গিয়ে দেখেন, জানালার গ্রিল কাটা।
স্থানীয় লোকজনের সহায়তায় কাটা গ্রিল দিয়ে ভেতরে ঢুকে দরজা খোলেন সুখন। ঘরে ঢুকে দেখা যায়, আসবাব আর কাপড়চোপড় এলোমেলো, আলমারি ভাঙা।
সুখন জানান, নিজে একটি ডাইং কারখানা দেওয়ার জন্য গ্রামের জমি বিক্রি করে টাকাটা বাসায় রেখেছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ডাইং কেনার কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাঁর ভাষায়, ‘একটা ডাইং করার সারা জীবনের স্বপ্নটা চোরেরা চুরি করে নিয়ে গেছে।’ তাঁর ধারণা, তাঁরা বাসায় না থাকার ছয় দিনের মধ্যে কোনো এক সময় চুরির ঘটনাটি ঘটেছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’ জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।





