ইরাকের বসরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪
ইরাকের বসরা প্রদেশের হারথা বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। বিদ্যুৎকেন্দ্র থেকে আগুন আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে; বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা পরে তা নিয়ন্ত্রণে আনেন। ৮০০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রটি তখন প্রায় ৪০০ মেগাওয়াট উৎপাদন করছিল; ঘটনার পর কার্যক্রম বন্ধ। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।#Iraq #Basra #PowerPlantFire #MiddleEast #MeehaNews

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ থেকে ৩৫ জন। শনিবার (২১ নভেম্বর) হারথা বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, আগুন বিদ্যুৎকেন্দ্র থেকে আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট। ঘটনার আগে এটি প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে এবং কয়েকটি গাড়ি পুড়ে যেতে দেখা গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতি কতটা, তা এখনো নিশ্চিত নয়।
কয়েক দশকের অপর্যাপ্ত বিনিয়োগ ও দুর্বল রক্ষণাবেক্ষণে ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরে চাপে আছে। গ্রীষ্মে চাহিদা বাড়লে সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়।





