বাড়িতে রান্না করা নুডলস খেয়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জয়পুরে নুডলস খেয়ে সাত বছরের পিহু কুমাওয়াত মারা যায়। বড় বোন দিব্যাংশী চিকিৎসার পর শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পায়। প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা উঠে এসেছে, তবে মৃত্যুর কারণ নিশ্চিত হবে ময়নাতদন্ত ও পরীক্ষাগারের ফলাফলের পর। পুলিশ ঘরে থাকা নুডলসের নমুনা ফরেনসিক পরীক্ষাগারে পাঠিয়েছে।#Jaipur #Rajasthan #FoodPoisoning #India #MeehaNews

ভারতের রাজস্থানের জয়পুরে বাড়িতে রান্না করা নুডলস খেয়ে সাত বছর বয়সী পিহু কুমাওয়াতের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়া তার বড় বোন দিব্যাংশী চিকিৎসার পর শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। কর্মকর্তারা প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনার কথা বলছেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হবে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কারধানি থানা এলাকায়। ইটিভি ভারতের তথ্যমতে, জায়গাটি মঙ্গলম সিটি। ওই সময় দুই বোন বাড়িতে একা ছিল। হাসপাতালে ভর্তি ছেলেকে দেখতে বাবা দীনেশ কুমাওয়াত ও মা সেখানে গিয়েছিলেন। দুই বোন নিজেরাই নুডলস রান্না করে খায় এবং পরে ঘুমিয়ে পড়ে।
বিকেল ৩টার দিকে মা বাড়ি ফিরে তাদের জাগানোর চেষ্টা করেন। দিব্যাংশীর ঘুম ভাঙলে সে অসুস্থ বোধ করে, কিন্তু পিহু সাড়া দিচ্ছিল না। পরিবারের সদস্যরা দুজনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা পিহুকে মৃত ঘোষণা করেন।
কারধানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) সাওয়াই সিং ইটিভি ভারতকে জানান, খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তবে চিকিৎসক দল এখনো তা নিশ্চিত করেনি। কানওয়াটিয়া হাসপাতালে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে থাকা অবশিষ্ট নুডলসের নমুনা ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। মেয়েদের মা থানায় আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্ত ও পরীক্ষাগারের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পুলিশ কোনো সিদ্ধান্তে যাচ্ছে না।
জেলার মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা (সিএমএইচও) ডা. রবি শেখাওয়াত জানান, ঘটনাস্থলে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছিল এবং নুডলসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাগারের বিশ্লেষণ শেষ হওয়ার আগে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান।





