বিহারে বেতন বকেয়ার প্রতিবাদে ভিক্ষার বাটি হাতে অফিসের সামনে নারী কর্মকর্তা
বিহারের বক্সারের ব্রহ্মপুর ব্লক অফিসের গ্রামীণ উন্নয়ন কর্মকর্তা অর্পিতা সিং বেতনের দাবিতে টানা দুই দিন ভিক্ষার বাটি হাতে অফিসের বাইরে বসেছিলেন। তাঁর দাবি, ১১ মাসের চাকরিজীবনে তিনি মাত্র তিন মাসের বেতন পেয়েছেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসন ব্লক উন্নয়ন কর্মকর্তার (বিডিও) কাছে ব্যাখ্যা চেয়েছে। প্রশাসন জানিয়েছে, নিয়ম ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কর্মীর বেতন আটকানো যায় না।#Bihar #Buxar #SalaryProtest #India #MeehaNews

বেতন না পাওয়ার প্রতিবাদে ভিক্ষার বাটি হাতে অফিসের বাইরে বসেছিলেন ভারতের বিহারের বক্সারের এক নারী কর্মকর্তা। ব্রহ্মপুর ব্লক অফিসের গ্রামীণ উন্নয়ন কর্মকর্তা অর্পিতা সিংয়ের এই প্রতিবাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, অর্পিতার দাবি, ১১ মাসের চাকরিজীবনে তিনি মাত্র তিন মাসের বেতন পেয়েছেন। অর্থাৎ আট মাসের বেতন বকেয়া। বকেয়া পরিশোধের দাবিতে তিনি টানা দুই দিন এভাবে বসে ছিলেন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর বক্সার জেলা প্রশাসন ব্লক উন্নয়ন কর্মকর্তার (বিডিও) কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। প্রশাসন স্পষ্ট করেছে, নির্ধারিত নিয়ম অনুসরণ না করে এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কর্মীর বেতন আটকে রাখা যায় না। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া মেনে চলতে বলা হয়েছে। প্রশাসনের ভাষ্য, সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করতে হবে।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিডিও অফিস ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব থেকেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে বিডিও অফিসের ব্যাখ্যা প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত জানা যায়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। অনেকে দ্রুত অর্পিতার বকেয়া পরিশোধের দাবি তুলেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একজন সরকারি কর্মকর্তাকে কেন এমন পরিস্থিতিতে পড়তে হলো।





