গাজায় ত্রাণসামগ্রী ঢুকতে বাধা না দেওয়ার আহ্বান ডব্লিউএইচও প্রধানের
ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস শীতের আগে গাজায় আশ্রয় উপকরণ, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনসামগ্রীর বাধাহীন প্রবেশাধিকার চেয়েছেন। গাজায় আনুমানিক ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ এলাকায় থাকছেন। এঁদের মধ্যে ৪ লাখ মানুষ অত্যন্ত উচ্চ ঝুঁকিতে আছেন। বন্যায় পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া ও পরিবহন ব্যাহত হওয়ায় চিকিৎসা পাওয়া কঠিন হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, সাম্প্রতিক বৃষ্টিতে ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।#Gaza #WHO #Palestine #HumanitarianAid #MeehaNews

শীত আসার আগেই গাজার বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয় উপকরণ, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনসামগ্রী পৌঁছানোর পথে কোনো বাধা না রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, বন্যাপ্রবণ এলাকায় থাকা লাখো মানুষের জীবন এখন ঝুঁকিতে।
তেদরোসের হিসাবে, গাজায় প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন। তাঁদের মধ্যে ৪ লাখ মানুষ রয়েছেন অত্যন্ত উচ্চ ঝুঁকিতে।
তিনি লেখেন, ‘অনেকের জন্য একটি তাঁবুই এখন আশ্রয়ের শেষ অবলম্বন। সেটি হারালে তাঁরা ঠান্ডা, দূষিত পানি ও রোগের ঝুঁকির মুখে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বেন।’
ডব্লিউএইচও প্রধানের ভাষ্য, বন্যার কারণে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় চিকিৎসাসেবা পাওয়া আরও কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনসামগ্রী সরবরাহের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
গাজায় সাম্প্রতিক বৃষ্টির প্রভাব নিয়ে ইউনিসেফ ৯ নভেম্বর জানিয়েছে, ভারী বৃষ্টিতে ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আশ্রয়স্থল, শৌচাগার ও ব্যক্তিগত জিনিসপত্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সংস্থাটির তথ্যমতে, মধ্য গাজার দেইর আল-বালাহতে বালির স্তূপ ধসে তাঁবুর ওপর পড়লে এক মা ও তাঁর তিন সন্তান নিহত হন; শিশুদের বয়স ছিল চার, পাঁচ ও আট বছর। ইউনিসেফ আরও জানায়, প্রায় ১৭ লাখ বাস্তুচ্যুত মানুষ এখনো তাঁবু, অস্থায়ী আশ্রয় বা ক্ষতিগ্রস্ত ভবনে থাকছেন।





