বানিয়াচংয়ে যুবলীগ নেতা আলতু মিয়া সহ গ্রেপ্তার ৩
পুলিশের বিশেষ অভিযানে হবিগঞ্জ শহর ও বানিয়াচংয়ের বিভিন্ন স্থান থেকে তিনজন গ্রেপ্তার হন। গ্রেপ্তার যুবলীগ নেতা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান আলতাবুর চৌধুরী আলতু মিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে দায়ের করা ৯ হত্যা মামলাসহ একাধিক মামলা আছে। অন্য দুজন যুবলীগকর্মী আজমল মিয়া ও ছাত্রলীগকর্মী ওবায়দুল হাসান মঈনুল। তাঁদের বিরুদ্ধে যথাক্রমে তিনটি ও একটি মামলার তথ্য পুলিশ দিয়েছে। ওসি শেখ নাজমুল হক জানান, তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#Habiganj #Baniachong #Arrest #MeehaNews

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন যুবলীগের উপজেলা পর্যায়ের নেতা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান আলতাবুর চৌধুরী আলতু মিয়াসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) হবিগঞ্জ শহর ও বানিয়াচংয়ের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে হবিগঞ্জ শহরের একটি বাসায় অভিযান চালিয়ে আলতু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে দায়ের করা ৯ হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে বানিয়াচংয়ের বড়বাজার থেকে গ্রেপ্তার হন ছাত্রলীগকর্মী ওবায়দুল হাসান মঈনুল (৩০)। তিনি বানিয়াচং সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের মৃত শেখ ইমরান মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।
সাড়ে ১২টার দিকে গ্যানিংগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার হন যুবলীগকর্মী আজমল মিয়া (৪০)। তিনি ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের দক্ষিণ যাত্রাপাশা এলাকার মৃত বজলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, ২০২৪ সালে দায়ের করা একটিসহ বানিয়াচং থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা আছে। এসব মামলায় দাঙ্গা, হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলতু মিয়াকে ৯ হত্যা মামলায় এবং বাকি দুজনকে আগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।





