গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন, দেড় ঘণ্টা রেল চলাচল বন্ধ
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে গফরগাঁওয়ের মশাখালী-কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মোহনগঞ্জ এক্সপ্রেসের হুক ভেঙে ইঞ্জিনসহ তিন বগির সংযোগ বিচ্ছিন্ন হয়। চালক বিষয়টি টের পেয়ে ট্রেন থামান। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ রুটে বিকেল ৫টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামতের পর বিকেল ৫টার দিকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে রওনা দেয়।#Mymensingh #Gafargaon #MohonganjExpress #MeehaNews

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ইঞ্জিনসহ তিন বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচএম বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর ট্রেনটি দুপুর ৩টা ২৫ মিনিটে গাজীপুরের কাওরাইদ স্টেশন ছাড়ে। মশাখালী স্টেশনে ঢোকার আগে হুক ভেঙে যায়। চালক বিষয়টি টের পেয়ে দ্রুত ট্রেন থামান।
এতে ওই পথে চলাচলকারী অন্য ট্রেনও কিছু সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বলে সংশ্লিষ্টরা জানান।
মশাখালী রেলওয়ে স্টেশনমাস্টার মো. মাসুম মিয়া বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিচ্ছিন্ন বগির সংযোগ হুক মেরামত করতে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে আসেন। মেরামত শেষে বিকেল ৫টার দিকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
ঢাকা টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এ মাসের ৬ অক্টোবর কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়েছিল।





