বকেয়া ও জ্যেষ্ঠতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও
আপিল বিভাগের রায়ে পুনর্বহাল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও করেন। তাঁদের অভিযোগ, ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা তাঁরা পাননি; এখনো ২০১২ সালের স্কেলে বেতন পাচ্ছেন। দাবি পূরণ না হলে সোমবার (১৬ নভেম্বর) থেকে ভিসির দপ্তরে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা। ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগ জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেন এবং চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি ধরে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলেন।#NationalUniversity #Gazipur #CampusNews #MeehaNews

আদালতের রায়ে চাকরিতে ফিরেও ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা না পাওয়ার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও করেছেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। দাবি আদায় না হলে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) থেকে ভিসির দপ্তরে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা।
আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে কর্মসূচি চলে। পরে দাবি বাস্তবায়নের জন্য ভিসির দপ্তরে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানা। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তারপরও ৯৮৮ জনের পাওনা পরিশোধ ও জ্যেষ্ঠতা নির্ধারণে টালবাহানা চলছে, অথচ সম্প্রতি আরও ৩০০ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রশ্ন, বিদ্যমান জনবলে কাজ চললে পুনর্বহাল কর্মীদের অধিকার নিশ্চিতে বাধা কোথায়।
বক্তাদের আরও অভিযোগ, ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের মতো গাড়ি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের অর্থে নতুন গাড়ি কেনা হয়েছে। অথচ পাওনা পরিশোধে প্রশাসনের অনীহা দেখা যাচ্ছে।
বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না। অন্যরা বিদ্যমান পে-স্কেলে বেতন পেলেও পুনর্বহাল ৯৮৮ জনকে এখনো ২০১২ সালের পুরোনো স্কেলে বেতন দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, এতে তাঁরা অন্যদের চেয়ে প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন। জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় পদোন্নতির পাশাপাশি পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান তাঁরা।
এই কর্মকর্তা-কর্মচারীরা ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্টের মধ্যে বিভিন্ন পদে নিয়োগ পান। এমএলএসএস থেকে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার পদেও নিয়োগ হয়েছিল। নিয়োগের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়ার পর ২০১২ সালে তাঁদের চাকরিচ্যুত করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) জানায়, ২০১১ সালের ২৩ আগস্ট হাইকোর্ট ওই সময়ের সব নিয়োগ বাতিল করেন। আপিল বিভাগ সেই রায় বাতিল করে রুল পুনর্বিবেচনার নির্দেশ দেন। ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল বৈধ ঘোষণা করেন, আর সেই রায়ের ভিত্তিতে ৯৮৮ জনের চাকরি যায়।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুতদের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময় অসাধারণ ছুটি হিসেবে গণ্য হবে এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন থাকবে। তাঁদের সুযোগ-সুবিধা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় আপিল বিভাগে রিভিউ আবেদন দায়েরের সিদ্ধান্ত হয়েছিল।
পুনর্বহালের পর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। চলতি বছরের ৮ মার্চও চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। দাবির মধ্যে ছিল জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি, বেতন কাঠামো সমন্বয়, রায়ের সঙ্গে সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল এবং কয়েকজনের শাস্তিমূলক বদলি বাতিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য জানা যায়নি।





