বটিয়াঘাটায় নিরাপদ সবজি চাষ নিয়ে কৃষক-ভোক্তা মতবিনিময়
খুলনার বটিয়াঘাটার ভেন্নাবুনিয়ায় নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক ও ভোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানো, নিজস্ব বীজ সংরক্ষণ, মাটির উর্বরতা ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে আলোচনা হয়।সভার আগে ও পরে নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষকদের বাগান পরিদর্শন করেন ভোক্তা ও নিরাপদ কৃষি আন্দোলনের কর্মীরা।অনুষ্ঠানে লোকজের নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকারসহ নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।#SafeAgriculture #SafeFood #SustainableFarming #Bangladesh #MeehaNews

খুলনার বটিয়াঘাটায় নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক ও ভোক্তাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) খুলনার বটিয়াঘাটা উপজেলার ভেন্নাবুনিয়ায় লোকজের সহযোগিতায় নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক, ভোক্তা, আন্দোলনের কর্মী ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

সভায় নিরাপদ সবজি উৎপাদন, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানো, কৃষকের নিজস্ব বীজ সংরক্ষণ ও ব্যবহারের অধিকার, মাটির উর্বরতা ও জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবান্ধব চাষাবাদ নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি যোগাযোগ এবং পারস্পরিক আস্থা তৈরি করা জরুরি। কৃষিতে অতিরিক্ত রাসায়নিক উপকরণ ও কোম্পানিনির্ভরতা কমিয়ে স্থানীয় জ্ঞান, নিজস্ব বীজ এবং প্রাকৃতিক সম্পদনির্ভর চাষাবাদকে গুরুত্ব দিতে হবে। নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে বাজার ও ভোক্তা পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্ব দেন।

মতবিনিময় সভার আগে ও পরে নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষকদের বাগান পরিদর্শন করেন ভোক্তা ও নিরাপদ কৃষি আন্দোলনের কর্মীরা। এ সময় তাঁরা বাগানের চাষাবাদ পদ্ধতি, ব্যবহৃত উপকরণ, সবজি উৎপাদন ও পরিচর্যা নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষকেরাও নিরাপদ সবজি উৎপাদনের অভিজ্ঞতা, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন লোকজের নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার, সমন্বয়কারী পলাশ দাস, নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের সভাপতি এস এম বাহালুল আলম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মুসলিমা খাতুন। এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্য, নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক ও ভোক্তারা উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষক ও ভোক্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।





