১৩ বছরের স্কুলছাত্রীর মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা
ডেমরা থানার ধার্মিকপাড়া পশ্চিমপাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় ১৩ বছর বয়সি এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসায় কেউ ছিল না। বড় দুই বোন ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের ডাকেন, প্রতিবেশীরা দরজা ভেঙে ঢোকেন। রাত ৮টা ২০ মিনিটে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করছে। মৃত্যুর কারণ জানা যায়নি, ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হবে।#Demra #Dhaka #DMCH #MeehaNews

রাজধানীর ডেমরায় ১৩ বছর বয়সি এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ডেমরা থানার ধার্মিকপাড়া পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
ইভা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে। পরিবারের সঙ্গে সে ডেমরার ওই বাসায় ভাড়া থাকত।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসা প্রতিবেশী মো. সাদেক জানান, তিন বোনের মধ্যে ইভা ছিল সবার ছোট। তার বাবা অটোরিকশাচালক, মা একটি খাবারের হোটেলে কাজ করেন। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। সন্ধ্যায় ইভার বড় দুই বোন বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। দীর্ঘক্ষণ ডেকেও সাড়া না পেয়ে তাঁরা প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘটনাটি দেখতে পান, এরপর পুলিশকে জানানো হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ৮টা ২০ মিনিটের দিকে ইভাকে অচেতন অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আলতাফ হোসেন আরও বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বা প্রতিবেশীদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।





