ভোলার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রিকশাচালকের মৃত্যু
ভোলার লালমোহনে মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. ইমরান (২৮)। পরিবারের সদস্যরা তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানিয়েছেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।#Bhola #Lalmohan #Electrocution #AutoRickshaw #MeehaNews

ভোলার লালমোহনে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক মো. ইমরান (২৮) মারা গেছেন। মঙ্গলবার বিকেলে লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমরান ওই এলাকার ইউনুছ মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান ইমরান। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।





