একটি কাতল বিক্রি হলো ১৭,৫০০ টাকায়
শনিবার (৭ নভেম্বর) ভোরে ভোলার মেঘনায় জেলে হানিফ মাঝির জালে ১৭ কেজি ৭০০ গ্রামের একটি কাতল ধরা পড়ে। ইলিশা চডারমাথা মৎস্যঘাটে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। অংশ নেন ৫-৭ জন ক্রেতা। ক্রেতা জামাল কোম্পানি মাছটি ঢাকার মাওয়া ঘাটে পাঠাবেন। তাঁর আশা, সেখানে অন্তত ২০ হাজার টাকা পাবেন। জেলা মৎস্য কর্মকর্তা আশা করছেন, সামনের দিনগুলোয় জেলেরা আরও বড় মাছ পাবেন।#Bhola #Meghna #CatlaFish #Fishing #MeehaNews

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয়েছে ১৭ হাজার ৫০০ টাকায়। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা চডারমাথা মৎস্যঘাটে আড়তদার শাহাবুদ্দীন ফরাজির গদিতে নিলাম হয়। ৫-৭ জন ক্রেতা এতে অংশ নেন। সর্বোচ্চ দর হেঁকে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জামাল কোম্পানি।
স্থানীয় জেলে হানিফ মাঝি আজ ভোরে তিন ভাগীকে নিয়ে ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মেঘনায় জাল ফেলেন। জাল তোলার সময় অন্য মাছের সঙ্গে কাতলটিও ওঠে। তিনি মাছটি নদীতীরের ঘাটে নিয়ে আসেন।
হানিফ মাঝি বলেন, ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে নেমে আশানুরূপ মাছ পাননি। আজ কাতলটি পেয়ে এবং ভালো দামে বিক্রি করতে পেরে তিনি খুশি।
ক্রেতা জামাল কোম্পানি জানান, মাছটি ঢাকার মাওয়া ঘাটে পাঠানো হবে। সেখানে অন্তত ২০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী। আড়তদার শাহাবুদ্দীন ফরাজি বলেন, বড় কাতল গদিতে ওঠার খবরে মানুষের ভিড় জমে যায়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, মেঘনা-তেঁতুলিয়ায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেদের জালে বড় ইলিশ, পাঙাশ ও কাতলসহ নানা মাছ ধরা পড়ছে। তাঁর আশা, সামনের দিনগুলোয় জেলেরা আরও বেশি বড় মাছ পাবেন।





