আগ্রাবাদে বনফুলের ফ্রিজে তেলাপোকা, ওষুধের দোকানসহ চার প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার (৩ নভেম্বর) আগ্রাবাদে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। বনফুলের কারখানায় মেয়াদোত্তীর্ণ উপাদানে খাবার তৈরি, ফ্রিজে তেলাপোকা এবং বেনামি ঘি ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা হয়। মোড়কজাত তেলে মেয়াদ ও মূল্য না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করায় একটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে দুই ফার্মেসিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।#Chattogram #ConsumerRights #FoodSafety #MeehaNews

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে খাদ্য তৈরিতে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে নিয়মিত তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।
সবচেয়ে বেশি, ৬০ হাজার টাকা জরিমানা হয়েছে মিষ্টান্ন ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুলের। অধিদপ্তর সূত্র জানায়, প্রতিষ্ঠানটির কারখানায় মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। খাবার সংরক্ষণের ফ্রিজে তেলাপোকা পাওয়া গেছে। বেনামি ও লেবেলবিহীন ঘি দিয়েও খাবার বানানো হচ্ছিল।
পাঠানটুলি চৌমুহনী এলাকার একটি দোকানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণ ও প্যাকেটজাত করা হচ্ছিল। মোড়কজাত তেলে মেয়াদ ও মূল্য উল্লেখ ছিল না। এ কারণে দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এম অ্যান্ড এস মেডিকোকে ছয় হাজার ও সাঈদ মেডিকেল হলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি চলবে।
১৭ অক্টোবর বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে “বনফুল” নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল অধিদপ্তর।





