উত্তরাখণ্ডের চামোলিতে ছয় আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বদ্রীনাথ থেকে দেরাদুনের উদ্দেশে ওড়া ট্রান্স ভারত এভিয়েশনের হেলিকপ্টার জোশীমঠের কাছে বিধ্বস্ত হয়েছে। আরোহী ছিলেন পাইলটসহ ছয়জন। উদ্ধার অভিযানে জেলা প্রশাসন, এসডিআরএফ, সেনাবাহিনী ও পুলিশ অংশ নিচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পুরো তৎপরতা তদারকি করছেন। আরোহীদের অবস্থা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। ওপইন্ডিয়া ছয়জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে। দুর্ঘটনার পর ওই এভিয়েশন সংস্থার সব হেলিকপ্টার চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।#Uttarakhand #HelicopterCrash #Joshimath #MeehaNews

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জোশীমঠ-বদ্রীনাথ আকাশপথে বিমান নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দুর্গম এলাকায় এটি আছড়ে পড়ে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আরোহীদের অবস্থা সম্পর্কে সরকারিভাবে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স কলসাইনের হেলিকপ্টারটি হালকা তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে ওড়ে। হাতি পর্বত ও জোশীমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ কেটে যায়। আধুনিক ট্র্যাকিং ব্যবস্থায়ও অবস্থান শনাক্ত করা যায়নি।
আরোহীদের সবাই পুরুষ। যাত্রী পাঁচজন: প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ। পাইলট ছিলেন ক্যাপ্টেন হিমাংশু। ভারতীয় সংবাদমাধ্যম ওপইন্ডিয়া জানিয়েছে, তাঁর পুরো নাম হিমাংশু সাবারওয়াল। সংবাদমাধ্যমটি এএনআইয়ের বরাতে আরও জানিয়েছে, জোশীমঠের চাই গ্রামের কাছে ধোঁয়া উঠতে দেখা যায় এবং অনুসন্ধানী দল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে। তাদের প্রতিবেদনে ছয়জনেরই মৃত্যুর আশঙ্কার কথা বলা হয়েছে। সংবাদমাধ্যমটির ভাষ্য অনুযায়ী, কপ্টারটি দুপুর ২টা ২০ মিনিটের দিকে চাই গ্রামের কাছে পাহাড়ের ঢালে আছড়ে পড়ে।
স্থানীয় জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। এতে যোগ দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। জোশীমঠের মহকুমা প্রশাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠ বলেন, সেনাবাহিনী, পুলিশ ও জরুরি স্বাস্থ্যসেবা দল একসঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়েই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং তিনি নিজে উদ্ধার তৎপরতা তদারকি করছেন। গুরুতর আহত কেউ থাকলে তাঁদের দ্রুত এয়ারলিফট করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছেন তিনি।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এভিয়েশন সংস্থার সব হেলিকপ্টার চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গত বছরের ১৫ জুন কেদারনাথের কাছে গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী সাতজনই মারা যান।





