নির্বাচনের এক সপ্তাহ আগে জরিপে নেতানিয়াহুর চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আইজেনকট
ইসরায়েলের চ্যানেল টুয়েলভের জরিপে ৪৫ শতাংশ উত্তরদাতা গাদি আইজেনকটকে আর ৩৩ শতাংশ নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে বেশি উপযুক্ত মনে করেন। আসনের হিসাবে আইজেনকটের ইয়াশার পার্টি ২৪টি আর নেতানিয়াহুর লিকুদ ২১টি আসন পেতে পারে। তবে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের কাছে নেই। জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ বলেছেন, নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন তাঁদের ভোটের সিদ্ধান্ত বদলাবে না। ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন ২৭ অক্টোবর।#Israel #Netanyahu #Eisenkot #IsraelElection #MeehaNews

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে প্রকাশিত জনমত জরিপে প্রধানমন্ত্রী পদে বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছেন বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ সোমবার জরিপটি প্রকাশ করে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর দিয়েছে।
জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ মানুষ আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে বেশি উপযুক্ত মনে করেন, নেতানিয়াহুকে ৩৩ শতাংশ। আগের সপ্তাহে একই চ্যানেলের জরিপে এই ব্যবধান ছিল ১০ পয়েন্ট। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আছেন। বেনেটকে বেছে নিয়েছেন ৩৯ শতাংশ, নেতানিয়াহুকে ৩৪ শতাংশ। ২২ শতাংশ বলেছেন, দুজনের কেউই উপযুক্ত নন। টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, জরিপে ৫০৭ জন অংশ নেন, আর এর ত্রুটির সম্ভাব্য সীমা ৪ দশমিক ৪ শতাংশ।
১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকটের ইয়াশার পার্টি ২৪টি এবং নেতানিয়াহুর লিকুদ ২১টি আসন পেতে পারে বলে জরিপে উঠে এসেছে। বেনেটের দল বেয়াখাদ (টুগেদার) পেতে পারে ১৪টি আসন। ইয়াইর গোলানের দল ডেমোক্র্যাটস ও আরবনেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট পেতে পারে ৯টি করে আসন। আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু, অতি-রক্ষণশীল শাস এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের জিউইশ পাওয়ার পেতে পারে ৮টি করে আসন।
জোটের হিসাবে নেতানিয়াহুবিরোধী ইহুদি দলগুলো পেতে পারে ৫৫টি আসন, যা আগের জরিপের চেয়ে দুটি বেশি। ক্ষমতাসীন জোট পেতে পারে ৫১টি। দুই আরব দল মিলে পেতে পারে ১৪টি আসন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনো পক্ষই একা পাচ্ছে না। নেতানিয়াহুবিরোধী সব দল একজোট হয়ে সরকার গঠন করবে কি না, তা অনিশ্চিত। জেরুজালেম পোস্টের তথ্যমতে, চ্যানেল থার্টিন ও সরকারি সম্প্রচারমাধ্যম কানের সাম্প্রতিক জরিপে বরং নেতানিয়াহুর জোট সামান্য এগিয়ে ছিল।
গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন দেন। চ্যানেল টুয়েলভের জরিপে ৬৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, এই সমর্থন তাঁদের ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলবে না। ১৭ শতাংশ বলেছেন, এতে তাঁদের লিকুদকে ভোট দেওয়ার সম্ভাবনা কমেছে, আর ১২ শতাংশ বলেছেন বেড়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন হবে ২৭ অক্টোবর।





