বাকুর সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ
বৃহস্পতিবার বাকুতে সিকার সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্য শুরু হতেই বাংলাদেশের প্রতিনিধি দল সম্মেলনকক্ষ ছেড়ে বেরিয়ে যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আরও কয়েকটি দেশের প্রতিনিধিও একই পথ নেয়। #CICA #Baku #Bangladesh #Israel #MeehaNews

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়াবিষয়ক সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলনকক্ষ থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (Conference on Interaction and Confidence Building Measures in Asia) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করার পরপরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে হলরুম ছেড়ে বেরিয়ে যায়।
বাকু থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে আরও কয়েকটি দেশের প্রতিনিধি দলও ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে বেরিয়ে যায়।
এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা জোরদারের লক্ষ্যে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের নিয়ে বাকুতে এই সম্মেলন হচ্ছে। হুমায়ুন কবির সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।





