মূল কনটেন্টে যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩
বুধবার ৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ফ্লোরিডায় আবাসিক এলাকায় লিয়ারজেট বিধ্বস্ত, আরোহী ৯ জনের সবাই নিহত

রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার আবাসিক এলাকায় লিয়ারজেট ৬০ বিধ্বস্ত হয়ে আরোহী ৯ জনের সবাই নিহত হয়েছেন। উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে বাহামার উদ্দেশে রওনা হয়েছিল। দুর্ঘটনার তদন্ত করছে এনটিএসবি। দুর্ঘটনাস্থলের কাছের একটি ট্রেলার পার্কের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত মাটিতে থাকা কারও হতাহত হওয়ার খবর নেই বলে জানিয়েছেন গভর্নর রন ডিস্যান্টিস।#PlaneCrash #Florida #USA #NTSB #MeehaNews

ফ্লোরিডার আবাসিক এলাকায় লিয়ারজেট ৬০ বিধ্বস্ত হওয়ার পর সড়কে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ
ফ্লোরিডার আবাসিক এলাকায় লিয়ারজেট ৬০ বিধ্বস্ত হওয়ার পর সড়কে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ছোট ব্যবসায়িক উড়োজাহাজ আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে আরোহী ৯ জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনা ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি এটিকে “অত্যন্ত মর্মান্তিক” ঘটনা বলে বর্ণনা করেছেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বিবৃতি অনুযায়ী, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে রওনা হয়েছিল। গন্তব্য ছিল বাহামা। রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজটি যাচ্ছিল বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে এটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট নিচে নামছিল। আরোহীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ছয় লেনের সড়ক মিলিটারি ট্রেইলে উড়োজাহাজটি আছড়ে পড়ে। সড়কের দুই পাশে ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান আছে। ছবিতে সড়কে বড় গর্ত ও আগুনের চিহ্ন দেখা গেছে। ভাঙা অংশ ও কংক্রিটের টুকরা ছড়িয়ে ছিল সড়কজুড়ে। পাম বিচ কাউন্টি অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ ঘটনাটিকে “বিপুলসংখ্যক হতাহত হওয়ার ঘটনা” হিসেবে ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ভিডিওটি দেখে মনে হয়েছে যেন একটি ক্ষেপণাস্ত্র নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর সত্যতা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় ধারণ করা দৃশ্যে উড়োজাহাজটিকে প্রায় খাড়াভাবে নেমে আসতে দেখা যায়। ডিস্যান্টিস জানান, মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার খবর এ পর্যন্ত পাওয়া যায়নি।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছের একটি ট্রেলার পার্কের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। উড়োজাহাজ আছড়ে পড়ায় এলাকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, এর মধ্যে পানি সরবরাহের পাইপলাইনও আছে। সড়কটি আবার চালু করতে অন্তত ৩০ দিন লাগতে পারে। দুর্ঘটনার সময় এলাকায় ঝড় হচ্ছিল বলে খবর পাওয়া গেছে।

সিবিএস১২-এর প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের উইলমিংটনভিত্তিক এলআর৬০২৭১ এলএলসি নামের একটি কোম্পানির নামে নিবন্ধিত। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল গ্রিনএকার্স এলাকায়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত করছে। তাদের সহায়তায় এফএএ ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

দুর্ঘটনাস্থল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগোর কাছে। বিবিসির তথ্য অনুযায়ী দূরত্ব প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার)। তবে এবিসি নিউজের বরাতে আইহার্ট মিডিয়া লিখেছে, দূরত্ব ৫ দশমিক ৭ মাইল। রোববার সকালে ট্রাম্প মার-আ-লাগোতে ছিলেন। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে করে তিনি সেখান থেকে রওনা হন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

আন্তর্জাতিক ডেক্স

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।