অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালত ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ, শপিংব্যাগ সুপারশপ ও কাহওয়া ক্যাফেকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে। ফুলকলিকে ছয় লাখ, শপিংব্যাগকে তিন লাখ ও কাহওয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ আছে। শপিংব্যাগ সুপারশপকে ১৫ নভেম্বর আদালতে সশরীরে উপস্থিত হয়ে সংশোধনের প্রমাণ দাখিল করতে বলা হয়েছে।#Chattogram #SafeFood #PureFoodCourt #FoodSafety #MeehaNews

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ও অন্যান্য অনিয়মের দায়ে চট্টগ্রাম নগরের তিন খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
গতকাল শনিবার (৭ নভেম্বর) সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম চালিয়ে আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ জরিমানা করেন। প্রতিষ্ঠান তিনটি হলো ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শপিংব্যাগ সুপারশপ ও কাহওয়া ক্যাফে।
ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজে লেবেল ও মেয়াদবিহীন বাটার ব্যবহার, ডালডার মধ্যে পলিথিন ও ময়লা এবং উৎপাদনস্থলে মাছি ও তেলাপোকার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। চানাচুর ও মটরভাজা তৈরিতে পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল। কেক ও রুটি তৈরির ডাইস ও খামিতে ময়লা ছিল। মান নিয়ন্ত্রণ ছাড়াই পণ্য বাজারজাত করার বিষয়টিও আদালতে উঠে আসে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ড।
শপিংব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নার তেলে ময়লা, আমদানি করা খাদ্যে যথাযথ লেবেল না থাকা এবং খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার ওষুধ রাখার প্রমাণ মেলে। পচা মরিচ সংরক্ষণ এবং খোসপাঁচড়ায় আক্রান্ত কর্মী দিয়ে মসলা প্রস্তুতের বিষয়ও পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড। শিশুদের খেলনা বিক্রির স্থান থেকে মেজবানির মাংসের পাতিল সরিয়ে আলাদা জায়গায় রাখার প্রমাণ ১৫ নভেম্বর আদালতে সশরীরে হাজির হয়ে দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, মেয়াদোত্তীর্ণ ও ময়লাযুক্ত খামি, খোলা অবস্থায় ময়লাযুক্ত ডাস্টবিন, মেয়াদোত্তীর্ণ বাকলাভা ও পচা বিটরুট সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। ম্যাংগো ফ্লেভার ড্রিংকসকে ম্যাংগো ড্রিংকস নামে বিক্রির অভিযোগও ছিল। এসব কারণে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অভিযানে এসব অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।





