কুবি শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে ছিনতাই, আটক ১
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকে ছুরি দেখিয়ে কুবি শিক্ষার্থী ফাহিম মিয়া সরকারের কাছ থেকে পাঁচ হাজারের বেশি টাকা ছিনতাই হয়। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। অন্যজন টাকা নিয়ে পালিয়ে যায়। আটক ব্যক্তিকে কোতোয়ালি মডেল থানায় রাখা হয়েছে। ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন।#Cumilla #CoU #Robbery #Bangladesh #MeehaNews

কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকে ছুরি দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজারের বেশি টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অন্যজন টাকা নিয়ে পালিয়ে গেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সালাউদ্দিন মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাহিম মিয়া সরকার কুবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ফাহিম জানান, সন্ধ্যা ছয়টার দিকে টিউশন শেষে তিনি কান্দিরপাড় থেকে মিশুকে করে টমছম ব্রিজের দিকে যাচ্ছিলেন। সালাউদ্দিন মোড়ে যানজটে মিশুকটি ধীরে চলছিল। তখন হঠাৎ দুই ব্যক্তি গাড়িতে উঠে ছুরি দেখিয়ে টাকা ও মুঠোফোন দিতে বলেন। তিনি দিতে অস্বীকার করলে তাঁরা জোর করে টাকা ছিনিয়ে নেন। ফাহিম বলেন, ওই দিনই টিউশন থেকে পাঁচ হাজার টাকা পেয়েছিলেন, সঙ্গে নিজের কিছু টাকাও ছিল।
টাকা নিয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ফাহিম পেছন থেকে তাঁদের ধরতে যান। সালাউদ্দিন মোড় থেকে একটু ভেতরে গিয়ে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলেন। অন্যজন পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে মারধর করেন। তাঁকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। থানার এক উপপরিদর্শক (এসআই) জানান, আটক ব্যক্তির নাম বাদশাহ।
ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী থানায় অভিযোগ দিয়েছেন। কুবির প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ছিনতাইয়ে কয়েকজন জড়িত ছিলেন। তাঁদের একজনকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।







