চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২
রবিবার সকাল ছয়টার দিকে পাবনার চাটমোহরের ভাদড়া বাইপাস মোড়ে বালুবাহী ট্রাকের চাপায় দুজন নিহত হন। নিহতরা অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) ও কৃষক নজরুল হোসেন (৭০)। আহত দুজনকে পাবনা ও রাজশাহীর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়েছেন। পুলিশ ট্রাক ও অটোভ্যান জব্দ করেছে। ওসির ভাষ্য, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।#RoadAccident #Pabna #Chatmohar #Bangladesh #MeehaNews

পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)। আহত হাফিজুল ইসলাম (৪০) মহেলা গ্রামের নজরুল ইসলামের ছেলে, আর মোজাম আলী (৪৫) শুকুরভাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা বড় হাটের হাটবার ছিল। আব্দুল মমিনের অটোভ্যানে নজরুলসহ কয়েকজন সেই হাটে যাচ্ছিলেন। ভাদড়া বাইপাস মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। চালক ও নজরুল ঘটনাস্থলেই মারা যান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে। ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। ওসি বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।







