আফগানিস্তানের কুনারে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত অন্তত ১০
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কুনারের আসাদাবাদে স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত ও প্রায় ১১০ জন আহত হয়েছে। ঘটনাটি শনিবার সকালের। মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কোয়ানির প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণের উৎস স্কুলের কাছে খনি কোম্পানিগুলোর বিস্ফোরক মজুতের স্থান। কুনারের তথ্য ও সংস্কৃতি পরিচালক এপিকে জানিয়েছিলেন, সাতজন নিহত ও ৯০–এর বেশি আহত হয়েছেন। মৃতের সংখ্যা নিয়ে তাই দুই ধরনের হিসাব আছে।#Afghanistan #Kunar #SchoolExplosion #Taliban #MeehaNews

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের শিক্ষার্থী বলেছে এবং আহতের সংখ্যা জানিয়েছে প্রায় ১১০।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ দেহকান জানান, শনিবার সকাল ১০টায় প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দারসির এলাকার একটি স্কুলে বিস্ফোরণ ঘটে। আল জাজিরাকে কুনারের তথ্য ও সংস্কৃতি পরিচালক সামি উল হক বলেন, স্কুলের পাশের যে বাড়িতে বিস্ফোরণ ঘটে, সেটি খনির কাজে জড়িত ব্যক্তিদের। সেখানে খনির কাজে ব্যবহারের ডিনামাইট মজুত ছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কোয়ানি এক্সে লিখেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাশের খনি কোম্পানিগুলোর একটি বিস্ফোরক ডিপোয় অবহেলা ও অসাবধানতার কারণে বিস্ফোরণ ঘটেছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং তা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
মৃতের সংখ্যা নিয়ে সরকারি হিসাব এক নয়। কুনারের তথ্য ও সংস্কৃতি পরিচালক সামি উল হক বায়ান এপিকে জানিয়েছিলেন, সাতজন নিহত ও ৯০–এর বেশি আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরে নিহতের সংখ্যা ১০ ও আহতের সংখ্যা ১১০ বলেছেন।
আহত ছেলের বাবা হাজি সুলাইমান ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস অ্যান্ড স্টারকে বলেন, দোকানে যাওয়ার পথে তিনি বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। তিনি স্কুলের দিকে ছুটে গিয়ে দেখেন, কিছু শিশু মৃত, কয়েকজন রক্তে ভেজা, ছাদ ধসে পড়েছে এবং দেয়াল নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে আহত শিশুদের গাড়ি থেকে নামিয়ে আসাদাবাদের একটি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হচ্ছে বলে দেখা যায়। কুনারে মূল্যবান পাথর উত্তোলনে একাধিক কোম্পানি কাজ করছে।







