কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ‘ক্রসফায়ার’, গ্রেপ্তার পুলিশ সুপার
ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনায় গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০২৪ সালের সেপ্টেম্বরে জনির বাবা ইয়াকুব আলী মামলা করেন। এতে ৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে, এঁদের ১৩ জন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তা। আজই আবুল কালাম আজাদকে ট্রাইব্যুনালে সোপর্দ করার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।#ICT #Crossfire #BangladeshPolice #Khilgaon #MeehaNews

রাজধানীর খিলগাঁওয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনায় আজ বৃহস্পতিবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে এবং আজই আবুল কালাম আজাদকে ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি ঝালকাঠিতে। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশ তুলে নিয়ে যায়। তখন তাঁর সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয়, এমন অভিযোগ আনা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বরে মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৬২ জনকে। এঁদের মধ্যে সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তা এবং ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
এ পর্যন্ত আবুল কালাম আজাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





