মুজিবনগরে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে নারী নিহত, আহত ৮
বুধবার (২৫ নভেম্বর) সকালে মেহেরপুরের মুজিবনগরের সোনাপুর গ্রামে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে তহুরা খাতুন (৬৫) নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করাকে কেন্দ্র করে ইসলাম মহালদার ও হানিফ মহালদারের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। ওসি নজরুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মামলা করা হবে।#Meherpur #Mujibnagar #LandDispute #MeehaNews

মেহেরপুরের মুজিবনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে তহুরা খাতুন (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সোনাপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণকাজ শুরু করাকে কেন্দ্র করে সংঘর্ষটি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের ইসলাম মহালদার ও তাঁর চাচাতো ভাই হানিফ মহালদারের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে ইসলাম মহালদার বিরোধপূর্ণ জমিতে ঘর তোলার কাজ শুরু করলে হানিফের পরিবারের লোকজন বাধা দেন। একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মারামারি থামাতে গিয়ে পরিবারের নারী সদস্যরাও আহত হন।
ধারালো অস্ত্রের আঘাতে হানিফ মহালদারের মা তহুরা খাতুনসহ উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন।
আহত হানিফ মহালদার ও তাঁর ভাই আব্দুর রহমান মহালদারকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলাম মহালদারের পক্ষের কয়েকজন আহত হলেও তাঁরা আত্মগোপনে আছেন বলে জানা গেছে। সংঘর্ষ ও মৃত্যুর পর ইসলাম মহালদারের পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে চলে গেছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে এ ঘটনায় মামলা করা হবে।





