সীতাকুণ্ডে বাঁশ রাখা নিয়ে সংঘর্ষে আহত ৩, অভিযুক্তের বাড়িতে আগুন
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারীর সানমার কলোনিতে বাঁশ ও কাঠ রাখা নিয়ে বিরোধে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। আহত নূর ইসলাম, আনোয়ার ও নজরুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত মোহাম্মদ আলমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পিতা-পুত্রকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ওসি জানিয়েছেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#Sitakunda #Chattogram #Bhatiari #MeehaNews

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মাণসামগ্রী হিসেবে বাঁশ রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় শাহ আমানত ফিলিং স্টেশন–সংলগ্ন সানমার কলোনিতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. নূর ইসলাম, মো. আনোয়ার ও মো. নজরুল ইসলাম। তাঁদের মধ্যে আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্র জানায়, নির্মাণকাজের জন্য বাঁশ ও কাঠ রাখা নিয়ে নূর ইসলামের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ আলম ও তাঁর ছেলে মাসুমের কথা-কাটাকাটি হয়। তা একপর্যায়ে সংঘর্ষে গড়ায়। অভিযোগ, আলম ও তাঁর ছেলে ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার ও নজরুলের ওপর হামলা চালান।
স্থানীয় যুবক মো. মাসুদ পারভেজ বলেন, কয়েক দিন আগেও এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। বুধবার রাতে সমঝোতা করতে গেলে আলম ও তাঁর ছেলে তাঁদের ওপর হামলা চালান।
এরপর উত্তেজিত লোকজন আলম ও তাঁর ছেলেকে গণপিটুনি দেন এবং তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে বাড়িটিতে আগুন দেওয়া হয়। মাসুদ পারভেজের ভাষ্য, মাসুম বোরকা পরে পালানোর চেষ্টা করলে লোকজন তাঁকে আটক করে মারধর করেন। পরে পিতা-পুত্রকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নির্মাণসামগ্রী রাখা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। অভিযুক্তসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতে হামলার কথাও তিনি নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





