সড়ক দুর্ঘটনার ৭ দিন পর মারা গেলেন কলেজশিক্ষার্থী
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আনোয়ারার চাতরী চৌমুহনীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন মিফতাহুল জান্নাত। সোমবার (২৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি চট্টগ্রাম সিটি কলেজে ভর্তির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। মামার ভাষ্য, চিকিৎসায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। অভিযুক্ত মোটরসাইকেলচালক একবারও খোঁজ নেননি। পুলিশ মোটরসাইকেল জব্দ করেছে। স্বজনেরা এখনো কোনো অভিযোগ বা মামলা করেননি।#Chattogram #Anwara #RoadAccident #RoadSafety #MeehaNews

চট্টগ্রামের আনোয়ারায় মোটরসাইকেলের ধাক্কায় আহত শিক্ষার্থী মিফতাহুল জান্নাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আনোয়ারার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের চাতরী চৌমুহনী এলাকায় রাজছিলা মাজারের সামনে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম সিটি কলেজে ভর্তির কাগজপত্র নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন তিনি। এ বছর তিনি সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।
মিফতাহুলের মামা হারুনুর রশিদ বলেন, সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রথম আলোর প্রতিবেদনে স্থানীয় বাসিন্দাদের বরাতে বলা হয়েছে, সড়কের এক পাশ পেরিয়ে বিভাজকে দাঁড়ানোর পর অন্য পাশে পা রাখতেই দ্রুতগতির মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দেয়।
হারুনুর রশিদের ভাষ্য, ভাগনি সাত দিন লাইফ সাপোর্টে ছিলেন। অভিযুক্ত ব্যক্তি একবারও খবর নেননি। চিকিৎসায় তাঁদের সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে।
মিফতাহুলের বাড়ি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামে। বাবা আনিসুজ্জামান আগেই মারা গেছেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। পড়াশোনার জন্য আনোয়ারার উত্তর চাতরীতে নানাবাড়িতে থাকতেন। সোমবার আসরের নামাজের পর পটিয়ার নিজ বাড়িতে জানাজা শেষে বাবার পাশে তাঁকে দাফন করা হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। স্বজনেরা এখনো কোনো অভিযোগ বা মামলা করেননি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।





