ইবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর হাতে হল উদ্বোধনের প্রত্যাশা
- বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার (২২ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। - পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পায়রা ও বেলুন উড়ানো, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও দোয়া মাহফিল ছিল কর্মসূচির অংশ। - উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়ে সম্মতি দিয়েছেন। তাঁর হাতে একটি আবাসিক হল উদ্বোধনের প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য। #IslamicUniversity #CampusNews #UniversityAnniversary #BangladeshEducation #MeehaNews

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২২ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচিতে পতাকা উত্তোলন, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলগুলোর প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ১৯৭৯ সালের ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা স্মরণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তাঁর জন্যও দোয়া করেন।
উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তাঁর হাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল উদ্বোধনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় ফুটবল মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, হল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। রোভার স্কাউট গ্রুপের বাদ্যযন্ত্র পরিবেশনা শোভাযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করে।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ও উপ-উপাচার্য। পরে প্রশাসন ভবনের সামনে কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





