সার্বিয়া পাঠানোর নামে প্রতারণা, চট্টগ্রামে জাল ভিসাসহ গ্রেপ্তার ১
আজ রোববার সকালে চট্টগ্রামের কোতোয়ালির একটি হোটেল থেকে আবদুল মাবুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ১৭টি পাসপোর্ট এবং সার্বিয়ার ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে চক্রটি আগেই টাকা নিত, পরে জাল ভিসা দিত। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে তা ধরা পড়ত। ওসি জানান, ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে চক্রের সদস্য আছেন। বাকিদের ধরতে অভিযান চলছে।#FakeVisa #HumanTrafficking #Chattogram #Serbia #MeehaNews

ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম নগরে আবদুল মাবুদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে কোতোয়ালি এলাকার একটি হোটেল থেকে মাবুদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া পাসপোর্টগুলো ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষের। সার্বিয়া যাওয়ার জন্য তাঁরা এগুলো চক্রটির হাতে তুলে দিয়েছিলেন।
ওসির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাবুদ স্বীকার করেছেন, চক্রটি ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করত। টাকা আগেই নিয়ে নিত। পরে বিশ্বাস অর্জনের জন্য ভিসা দিত, যা আসলে জাল। বিমানবন্দরে পুলিশের অভিবাসন শাখায় ভিসা ধরা পড়লে চক্রের সদস্যরা ভুক্তভোগীর অন্য কোনো সমস্যা আছে বলে দাবি করতেন। মাবুদ জানিয়েছেন, এভাবে কয়েকজন বিমানবন্দর থেকে ফেরত এসেছেন।
মুন্সিগঞ্জ সদরের বাসিন্দা মো. সাইফুল জানান, তাঁর এলাকার মামুন শেখের মাধ্যমে তিনি সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট দিয়েছিলেন। আগামীকাল সোমবার তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। তাঁর পাসপোর্টসহ চক্রের একজন গ্রেপ্তার হওয়ার খবর তিনি জানতেন না। সাইফুলের দাবি, তাঁর এলাকার মো. হাসানসহ আরও অনেকে সার্বিয়া যেতে পাসপোর্ট ও টাকা দিয়েছেন।
মামুন শেখ জানান, ঢাকার একটি এজেন্সিকে তিনি চার আত্মীয়কে সার্বিয়া পাঠানোর জন্য ৯ লাখ টাকা দিয়েছেন। গ্রেপ্তারের বিষয়ে তিনিও কিছু জানতেন না।
ওসি বলেন, ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামসহ সারা দেশে চক্রের সদস্য রয়েছেন। সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কম খরচে পাঠানোর কথা বলে তাঁরা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন। বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।





