সড়কেই ঝরল নিঝুমের প্রাণ, যাওয়া হলো না জাপান
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর মদনগঞ্জগামী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুমের (২২) মৃত্যু হয়েছে। পুলিশের ভাষ্য, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয় এবং ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। আহত বন্ধু ফারহান (১৯) নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার জানায়, নিঝুম অনার্সে পড়তেন এবং আগামী ফেব্রুয়ারিতে জাপান যাওয়ার প্রস্তুতি হিসেবে জাপানি ভাষা শিখছিলেন।#Narayanganj #RoadAccident #Bandar #Bangladesh #MeehaNews

নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) রাতে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। চালক নিঝুম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ নিঝুমের মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহত ফারহানকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি অনার্সে পড়াশোনা করতেন। আগামী ফেব্রুয়ারিতে জাপান যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সেজন্য জাপানি ভাষাও শিখছিলেন।





