সুরমা নদীতে বালুভর্তি নৌকাডুবিতে নিখোঁজ দুই শ্রমিক
জামালগঞ্জের সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাটে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মোবাশ্বির (২৬) ও মারুফ (১৯) বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। অন্য চার শ্রমিক সাঁতরে তীরে ওঠেন, তাঁদের দুজন আহত। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি।#Sunamganj #Jamalganj #BoatCapsize #Bangladesh #MeehaNews

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজ দুজন জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) ও পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।
নৌকায় ছিলেন মোট ছয়জন শ্রমিক। বাকি চারজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন। এঁদের মধ্যে মোস্তাকিম (২২) ও সুমন (২০) আহত হয়েছেন। জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ আছেন।
স্থানীয় সূত্র জানায়, নৌকাটি ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের। দুই শ্রমিক নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। বাকি চারজন বসে ছিলেন বালুর ওপর। হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি ডুবে যায়। বিশ্রামকক্ষে থাকা দুজন পানির নিচে তলিয়ে যান। নৌকায় পানি ঢোকার কারণ জানা যায়নি।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজদের খুঁজছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি। জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু বলেন, ‘রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁদের এখনো সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।’





