জুড়ীতে নিজ ঘরে মিলল স্ত্রীর ঝুলন্ত মরদেহ
রোববার (২২ নভেম্বর) জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে নিজ ঘর থেকে গৃহবধূ হাসিনা বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শরীরে আঘাতের চিহ্ন মেলেনি এবং প্রাথমিক সুরতহালে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। হাসিনার বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে।#Moulvibazar #Juri #Sylhet #MeehaNews

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ ঘর থেকে হাসিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে এ ঘটনা ঘটে।
হাসিনা বেগম ওই গ্রামের দিনমজুর জয়নাল মিয়ার স্ত্রী এবং মৃত বীর মুক্তিযোদ্ধা হাসান আলীর মেয়ে। এই দম্পতির কোনো সন্তান নেই। হাসিনার বাবার বাড়ি তাঁদের বাড়ির পাশেই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে কাজে বেরিয়েছিলেন জয়নাল মিয়া। দুপুর দেড়টার দিকে ফিরে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। স্ত্রীকে ডেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে তিনি স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে জুড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কবির উদ্দিন জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহালে আত্মহত্যার আলামত মিলেছে। হাসিনার বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।





